👁 437 Views

নওগাঁয় ছিনতাইয়ে জড়িত পিকআপের চালকসহ ৩জন গ্রেপ্তার:; ছিনতাই হওয়া  টাকা উদ্ধার

 নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুর উপজেলার তেরো মাইল এলাকায় একটি মিনি পিকআপ আটকিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনাটি শেষ পর্যন্ত একটি সাজানো নাটক বলে প্রমাণিত হয়েছে। ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এই ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়। চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনায় পিকআপের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময়  ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (গতকাল) সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটার দিকে মহাদেবপুর উপজেলার তেরো মাইল নামক স্থানে একটি মিনি পিকআপ থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছিল, ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পিকআপের চালক ও হেলপারকে মারধর করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
​সন্ধ্যা রাতে গাড়ির আলোয় ব্যস্ত সড়কে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহল চরম ক্ষুব্ধ,  হতাশা প্রকাশ করেন।
ঘটনার খবর পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুতই আমলে নেন। তিনি তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এক চৌকস দলকে তাৎক্ষণিকভাবে মাঠে নামিয়ে তদন্তের জন্য প্রস্তুত করে দেন। পুলিশ সুপার ও ডিবি দলের যৌথ কৌশলগত তদন্ত, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে দ্রুতই থলের বেড়াল বেরিয়ে আসতে শুরু করে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। জানা যায়, এটি কোনো আকস্মিক ছিনতাই ছিল না, বরং গত এক সপ্তাহ ধরে নিখুঁত পরিকল্পনা করে সাজানো হয়েছিল এ ছিনতাইয়ের আসল নাটক।
পুলিশের তদন্তে জানা যায়, পিকআপের চালক বগুড়ায় ভাঙারি মালামাল বিক্রি করে ৯ লাখ টাকার বেশি ক্যাশ নিয়ে মহাদেবপুরের দিকে রওনা হন। পথিমধ্যে তিনি তার সহযোগীদের মুঠোফোনে গাড়ির লাইভ লোকেশন ও অবস্থান জানাতে থাকেন।
​পরিকল্পনা অনুযায়ী, জলিল পার্কের সামনে আসার পর তিনি ফের অবস্থান জানিয়ে দেন আগে থেকেই ওঁত পেতে থাকা ছিনতাইকারী সহযোগীদের। কোন স্থানে, কিভাবে নাটকীয় কায়দায় ছিনতাই হবে নাটকের পুরো ব্লু-প্রিন্ট আগেই পরিকল্পনা ও প্রস্তুত করা ছিল।
তদন্তের এক পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় যে, খোদ পিকআপ চালক এ ছিনতাই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। তবে বাকি তিন হাজার টাকার কোন হদিস নেই। খরচ করে ফেলেছে।
মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে ক্লুলেস ও চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করায় নওগাঁ জেলা পুলিশ সুপার, ডিবি পুলিশ এবং যৌথ বাহিনীর প্রশংসায় মেতে উঠেছে জেলার সাধারণ মানুষ। তাদের এ দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্ব সর্বত্র সাধুবাদ কুড়াচ্ছে।
​এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে  আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়।