
কৃষির সম্ভাবনা, কৃষকের সাফল্য, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম ও গ্রামীণ অর্থনীতির চিত্র সফলভাবে তুলে ধরে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নরসিংদীর সংবাদকর্মী মো. মনিরুজ্জামান। আনন্দ টেলিভিশনের কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনে মুন্সিয়ানার পরিচয় দেওয়ায় তাঁকে ‘বর্ষসেরা প্রতিবেদকের’ সম্মাননা দেওয়া হয়েছে।
নরসিংদীর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য লটকনকে কেন্দ্র করে কৃষি অর্থনীতির বিকাশ, লটকন চাষিদের সাফল্য এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নির্মিত তাঁর প্রতিবেদনটি কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত হয়। স্থানীয় অর্থনীতিতে লটকন চাষের ইতিবাচক প্রভাব এবং পুষ্টি চাহিদা পূরণে এ ফলের গুরুত্ব অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়। এর স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়।
আনন্দ টেলিভিশনের ‘আনন্দ উৎসব ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই সম্মাননা ঘোষণা করা হয়। গত শুক্রবার (২৯ অক্টোবর) কক্সবাজারের মোটেল লাবণী মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। পরে তিনি মো. মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন
২০১২ সালে সাপ্তাহিক ‘দেশগ্রাম’ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন মো. মনিরুজ্জামান। পরবর্তীতে আইপি টিভি ‘জোনাকী টেলিভিশন’-এর মাধবদী প্রতিনিধি হিসেবে টেলিভিশন সাংবাদিকতায় পদার্পণ করেন। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর দৈনিক গ্রামীণ দর্পণ, ‘আমরা নরসিংদী বাসী’ এবং জাতীয় দৈনিক ‘অধিকার’ ও ‘দ্য ডেইলি এক্সপ্রেস’ পত্রিকায় নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘দ্য ডেইলি ইন্ডাস্ট্রি’ এবং ‘আনন্দ টেলিভিশন’-এর নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি পেশাদার ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পর টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানেও তিনি সফলভাবে এই পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি সমাজসেবামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ
বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. মনিরুজ্জামান বলেন—
“আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদক হিসেবে আমাকে নির্বাচিত করায় প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসসহ আনন্দ টিভি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা প্রকাশ করছি। এই অর্জন কখনোই আমার একার নয়; এটি আনন্দ টিভি পরিবারের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফসল। ন্যাশনাল ডেস্ক ইনচার্জ, অ্যাসাইনমেন্ট এডিটর, নিউজরুম এডিটরসহ সংশ্লিষ্ট সকল সহকর্মীর আন্তরিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। তাই এই সম্মাননা আমি আনন্দ টিভি পরিবারের সকল সদস্যকে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। আমি যেন সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারি—সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। এই অর্জন আমার পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা যোগ করেছে।”
আগামীর পথচলায় এই সম্মাননার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি আরও বেশি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।