👁 295 Views

কলাপাড়ার মহিপুরে খাজুরা বেসরকারি প্রা: বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি   :   পটুয়াখালীর পশ্চিম খাজুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে মঙ্গলবার ২৭ অক্টোব বেলা সাড়ে ১০টার দিকে লেবুর বনসংলগ্ন সমুদ্রসৈকত এলাকার পশ্চিম খাজুরায় এ কর্মসূচি পালিত হয়। এতে শত শত নারী-পুরুষের পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের দাবি, অবহেলিত জেলে পরিবারের সন্তানদের শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে বিদ্যালয়টি জাতীয়করণ ও একটি স্থায়ী ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
সরেজমিনে গেলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, পর্যটননগরী কুয়াকাটার অদূরে সমুদ্র উপকূলের এই জনপদে দরিদ্র জেলে পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা পশ্চিম খাজুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু প্রতিষ্ঠার ২৬ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টি জাতীয়করণ হয়নি। নেই প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাও। সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে গেলে এই উপকূলীয় জনপদের দরিদ্র পরিবারের শত শত শিশুর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। তাই চার কিলোমিটারের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় বিদ্যালয়টি জাতীয়করণ এবং একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রেবেকা সুলতানা বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করে বিদ্যালয়টি চালিয়ে আসছি। কিন্তু এভাবে আর কত দিন চলা সম্ভব, তা জানি না।
তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরো বলেন, আমরা চাই না, দারিদ্র্যের কারণে কোনো শিশুর স্বপ্ন থেমে যাক। তাই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিয়ে উপকূলের অবহেলিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হোক।
কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার সাহিদা বেগম জানান, ২০১৩ সালে সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে জাতীয়করণ করা হয়েছে। ফলে ওই তিন ধাপের কোনো ধাপেই যেসব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসেনি, সেগুলোকে বর্তমানে জাতীয়করণ করার সুযোগ নেই।