
পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল্লাহর মা খাদিজা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।