👁 314 Views

সিরাজগঞ্জে  পিস্তল ও গুলির খোসাসহ পিতা-পুত্র আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে  দেশি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া এলাকার জেলহক প্রামাণিক (৫২) ও তার ছেলে মোঃ নাসির (২৮)।
বিকেলে বেলকুচি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায় যে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে  গণমাধ্যমকে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *