👁 91 Views

ঝিনাইদহে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন ‘অফিস সহায়ক’ পদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র ও এর আশেপাশে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামীকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) জেলা তথ্য অফিস, ঝিনাইদহের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে সর্বসাধারণকে এই নিষেধাজ্ঞা ও সর্তকবার্তা জানিয়ে দেওয়া হয়। ঝিনাইদহ জেলা প্রশাসনের আদেশক্রমে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদের ০২ (দুই)টি শূন্য পদে জনবল নিয়োগের এই লিখিত পরীক্ষাটি ঝিনাইদহ কালেক্টরেট স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সম্পূর্ণ নকলমুক্ত, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট এই কঠোর আদেশ জারি করেছেন।
১৪৪ ধারা জারির ফলে সকাল ৮:০০ টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত বহিরাগত জনসাধারণের প্রবেশ এবং ৫ জনের বেশি একত্রে জমায়েত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একই সাথে পরীক্ষা কেন্দ্রের ১ কিলোমিটার এলাকার মধ্যে ব্যক্তিগত ও বাণিজ্যিক—যেকোনো কাজেই ফটোকপি মেশিন ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটে এমন যেকোনো পরিস্থিতি এড়াতে পবিত্র আজান ব্যতীত অন্য সব ধরনের মাইক বা প্রচার যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র এলাকায় কোনো প্রকার বই, খাতা, প্রশ্নসদৃশ কাগজপত্র বহন, মিছিল, সমাবেশ এবং শান্তিশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনাও সম্পূর্ণ নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা তথ্য অফিস ঝিনাইদহবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *