👁 231 Views

পলাশবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, পালানোর সময় স্বামী আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে শাহিনা আক্তার (২২) নামে এক স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিয়ামের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করার পর প্রাইভেটকার নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনা আক্তার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের মৃত শাহাজাদা মিয়ার মেয়ে। তিনি পলাশবাড়ী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিয়াম নিজেই প্রাইভেটকার চালিয়ে শাহিনাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ইসিজি পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সিয়াম দ্রুত প্রাইভেটকার নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আনসার সদস্যরা তাকে থামানোর চেষ্টা করেন। তবে তিনি সেখান থেকে চলে যান।
পরে নিজ এলাকায় গেলে স্থানীয়রা সিয়ামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
নিহতের পরিবারের অভিযোগ, সিয়াম মাদকাসক্ত এবং দাম্পত্য জীবনে শাহিনাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। তাদের দাবি, শাহিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামা তাবাসসুম বলেন, হাসপাতালে আনার আগেই শাহিনার মৃত্যু হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, নিহতের শরীরে একাধিক পুরোনো আঘাতের চিহ্নের পাশাপাশি গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *