👁 344 Views

শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর বাবা কামাল উদ্দীন নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাদের ঘরে মোট সাতজন সন্তান রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সঙ্গে পূর্বেই বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ তৃতীয় স্ত্রীও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু— সাবির (৫) ও জাবির (২) কে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর কামাল হোসেন নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য রয়েছে। ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন শার্শা থানার অফিসর ইনর্চাজ শামিনুল ইসলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *