👁 407 Views

ডেঙ্গু প্রতিরোধে বাউফলে সক্রিয় এমপি মাসুদ, ড্রেনে ছিটালেন ওষুধ

জেলা প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আয়োজিত “ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা মূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান”-এ সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এর জন্য আগে থেকেই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি বলেন, “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলেই, ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।”
পরে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ “হাতে গ্লাভস পরে ডেঙ্গুর লার্ভা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে ড্রেনে ওষুধ ছিটানোর কার্যক্রমে অংশ নেন।” এ সময় তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা, জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো.রিয়াজ, ফার্মাসিস্ট মো.জহিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে “ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *