👁 354 Views

পলাশবাড়ীতে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি: ৫০ হাজার টাকার এলইডি টিভিসহ মালামাল লুট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নুনিয়াগাড়ী এলাকায় সাংবাদিক হাসিবুর রহমান স্বপনের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টিভিসহ পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে।
২৩ আগস্ট রাত ৯টা থেকে পরবর্তী কোনো একসময় সুযোগ বুঝে চোরেরা সাংবাদিক স্বপনের বাসায় প্রবেশ করে। পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টিভিসহ আরও বিভিন্ন মালামাল নিয়ে চোরেরা দ্রুত সটকে পড়ে।
পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা হতভম্ব হয়ে পড়েন। একজন সাংবাদিকের বাসায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
ভুক্তভোগী ও স্থানীয়রা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নুনিয়াগাড়ী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রাতের টহল বাড়ানোর দাবি উঠেছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুনিয়াগাড়ী এলাকায় গত এক মাসে প্রায় ২৫ থেকে ৩০টি বাসাবাড়িতে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়রা বলেন, ছিঁচকে চোরের উপদ্রবসহ চুরির ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর তৎপরতা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *