👁 64 Views

শরিফুলের চিকিৎসায় মানবতার জয়, ৫৪ হাজার টাকা সহায়তায় পাশে দাঁড়ালেন হৃদয়বান মানুষ

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অসহায় ভ্যানচালক শরিফুলের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার ডাক’ নামের একটি অরাজনৈতিক সংগঠন।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা শরিফুলের নিজ বাড়িতে সংগঠনটির উদ্যোগে শরিফুলের হাতে নগদ ৫৪ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শরিফুল একজন অসহায় ভ্যানচালক ও দুই সন্তানের বাবা। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তার উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নিজের চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ চালাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। সরকারি অনুদানের ঘরে বসবাস করা শরিফুলের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় শরিফুলের অসহায়ত্বের কথা জানতে পেরে তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ‘মানবতার ডাক’ সংগঠন। সংগঠনটির উদ্যোগে শরিফুলের নিজ বাড়িতে গিয়ে নগদ ৫৪ হাজার টাকা তার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সংশ্লিষ্টরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। শরিফুলের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ না হয়, সেজন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

শরিফুলের পরিবার জানায়, এই আর্থিক সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাওয়া পরিবারের জন্য ৫৪ হাজার টাকার এই সহযোগিতা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

শরিফুলের চিকিৎসা চালিয়ে নিতে এখনো আরও আর্থিক সহযোগিতার প্রয়োজন। সমাজের মানবিক ও বিত্তবান ব্যক্তিদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা করতে:
এনামুল — ০১৮৫০৯৭৮১০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *