👁 42 Views

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণতন্ত্র হলের একটি কক্ষে ডেকে নিয়ে জুনিয়র ছাত্রীদের র‍্যাগিং ও হেনস্তা করার অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র হলের ১০৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

হাসপাতালে ভর্তি হওয়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকার এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গণতন্ত্র হলের ১০৩৫ নম্বর কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন ছাত্রীকে ডেকে নেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী। তাঁদের মধ্যে সামিহা, ঊর্মী, নিশাত, শ্রেয়া, মিম, মারিয়া, আফিয়া, ফারজানা ও ইফতি ছিলেন বলে জানা গেছে।  অভিযোগ অনুযায়ী, সেখানে জুনিয়র ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা ও র‍্যাগিং করা হয়। এ সময় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।