👁 222 Views

যশোরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে জখম

ইয়ানূর রহমান : যশোর সদর উপজেলার চুড়ামনকাটির খিতিবদিয়ায় বাচ্চু মিয়া (২৮) নামে এক যুবককে কু্পিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী।

আহতের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেয়ায় বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দুর্বৃত্তরা তাকে মারধরের পর চাইনিজ কুড়াল দিয়ে তার কাঁধে কোপ দেয়। বাচ্চু খিতিবদিয়া গ্রামের রওশন আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বাচ্চু জানান, খিতিবদিয়া গ্রামের কয়েকজন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। মাদক বিক্রিতে বাধা দেয়ায় তারা ক্ষুব্ধ হয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে খিতিবদিয়া বাঁশতলা মোড়ে তাকে একা পেয়ে মাদক ব্যবসায়ী রাসেল, রায়হান, আল আমিন ও মফিজুল তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে মারধরের পর চাইনিজ কুড়াল দিয়ে কাঁধে কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত বাচ্চুর কাঁধে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, প্রতিপক্ষের হামলায় বাচ্চু আহত হওয়ার খবরটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *