👁 224 Views

সেনবাগে অটোরিকশাকে মাইক্রোবাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত,ইউপি চেয়ারম্যানসহ গুরুতর আহত দুইজন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন (৫৫) ও অটোরিকশাচালক নুরনবী (৪০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার আগে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কানকিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে অটোরিকশাটির পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চেয়ারম্যান আবদুল হক সুমন, তার সহযাত্রী মোশাররফ হোসেন মজুমদার এবং অটোরিকশাচালক নুরনবী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।
নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা। তিনি কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার রাতে জানান, সড়ক দুর্ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন গুরুতর আহত এবং মোশাররফ হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *