
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ধোবাউড়া উপজেলার উত্তর ধোবাউড়া গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উত্তর ধোবাউড়া গ্রামের রাফি মিয়া (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন। অভিযানে রাফি মিয়ার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন জানান, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।