👁 474 Views

পাবনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার–পুলিশ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না

পাবনা, ৬ আগস্ট : পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ বলেন, আমরা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারী।কাজেই রাষ্ট্রের কর্মচারী হয়ে জনগণের সেবায় কাজ করতে চাই, কোন দলের পক্ষে নয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এসময় পুলিশ সুপার আরো বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা আমাদের প্রধান কাজ হলেও মাদক প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং যানজট নিরসনসহ জনগণের কাঙ্খিত সেবা সমূহ প্রদান করতে পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, পাবনা জেলাকে অপরাধ মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না। পুলিশ ও সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। কাজেই বস্তনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যদি পুলিশকে সহায়তা করেন, তবে যেকোনো অপরাধ দমন করা অনেক সহজ হবে।

প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যাতে অবাধে তথ্য প্রাপ্তিসহ প্রয়োজনীয় সহযোগিতা পান বা হয়রানীর শিকার না হন-সে বিষয়ে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাব সম্পাদক তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিক মুলত: একইভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করেন। কাজেই পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার মনোভাব থাকা অনস্বীকার্য। এর আগে পুলিশ সুপার পাবনা প্রেসক্লাবে এসে পৌঁছালে ক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান,ক্লাবের প্রবীণ সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, এইচ কেএম আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট হাবিবুর সম্পাদক রহমান স্বপন, ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, দৈনিক মানব জমিন ও একুশে টেলিভিশনের সাংবাদিক রাজিউর রহমান রুমি, ক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক নতুন বিশ^বার্তার সম্পাদক শহিদুর রহমন শহিদ, আহমেদ হুমায়ন কবির তপু, এমজি বিপ্লব চৌধুরী, এটিএন নিউজের সাংবাদিক রিজভী জয়, একাত্তর টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *