👁 213 Views

সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

 সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে সিয়াম আকন্দ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাওছার সরকার (১৭) নামে অপর এক কিশোর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট)  উপজেলার চর সমেশপুর গ্রামের একটি ধানক্ষেতে  চারা রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আকন্দ বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামের সুরুজ্জামান আকন্দের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আহত কাওছার সরকার একই গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে সিয়াম ও কাওছার ধানের চারা রোপণের কাজে মাঠে যান। তারা একই জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হয়ে মারা যায়। একই সঙ্গে কাওছার সরকার আহত হন।
এ সময় পাশের জমিতে কাজ করা  কৃষকরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে আহত কাওছারকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি আশঙ্কামুক্ত হন।
প্রতিবেশীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সিয়ামের নিথর দেহ  পড়ে আছে এবং কাওছার আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। গ্রামের বাসিন্দারাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *