👁 273 Views

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিলো শিক্ষার্থীরা  

 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার (৩রা আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত নানা সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। শ্রেণি কক্ষগুলো জরাজীর্ণ, ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে। দরজা-জানালার অভাবে সন্ধ্যার পর সেখানে মাদক সেবীদের আড্ডা বসে এবং এতে শ্রেণিকক্ষের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করতেন বলেও অভিযোগ করেছেন তারা।
তারা আরও বলেন, এসব সমস্যা সমাধানের জন্য প্রতিবাদ করায় গত সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে মারধর করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
 একই ঘটনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এর একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে পরে তাতে আগুন ধরিয়ে দেয় এবং প্রধান শিক্ষককে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে  প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন এবং  উদ্ধার করে নিয়ে আসেন।
 মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *