👁 225 Views

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি ; থানায় অভিযোগ

কৃষ্ণ রায়,পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক তালা ভেঙে অফিসে প্রবেশ করে ল্যাপটপ, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াই-ফাই রাউটার, টেবিল ফ্যান, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাযায়, উপজেলার ২৬ নম্বর মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান, গত ১ আগস্ট রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মফিজুল ইসলাম অসুস্থতার কারণে বিদ্যালয় থেকে বাড়ি চলে যান। পরদিন ২ আগস্ট সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে তিনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান।

পরে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালা ভাঙা এবং অফিসের ভেতরে থাকা একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, ওয়াই-ফাই রাউটার, একটি টেবিল ফ্যান, আলমারিতে রক্ষিত প্রায় ৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে। এছাড়া অফিসের সাতটি তালা ভাঙচুর করা হয়েছে এবং মিড-ডে মিল কর্মসূচির জন্য সংরক্ষিত দুই কার্টন দুধও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করে রেখে যায়। খবর পেয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে চুরি যাওয়া মালামালের খোঁজখবর নেওয়া হলেও কোনো সন্ধান না পাওয়ায় পাইকগাছা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়েছি। আমার অফিসার আব্দুল আজিজ ঘটনানাস্থল পরিদর্শন করেছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *