👁 429 Views

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভুক্তভোগী উদ্ধার

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত ওই স্কুলছাত্রীকে।
রোববার (২ আগস্ট) র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মেহেদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।
র‌্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী আরবি শিক্ষা গ্রহণের জন্য একটি মাদরাসায় যাতায়াত করতেন। সেই সূত্রে মেহেদুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ৬ জুন সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের সহায়তায় তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সাদুল্লাপুর থানায় অপহরণ মামলা দায়ের করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল-মদিনা মসজিদ এলাকা থেকে মেহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *