👁 127 Views

একটু বৃষ্টিতেই তলিয়ে যায় বৈরী হরিনমারী রাস্তা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ!দ্রুত সংস্কারের দাবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈরী হরিনমারী এলাকার সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ রোগীসহ পথচারীকে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিপাত হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। একই সঙ্গে জরুরি রোগীকে হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
ভুক্তভোগী গোলজার সরকার রাজীব বলেন, “আমরা নিয়মিত পৌরসভার কর পরিশোধ করি। কিন্তু প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সামান্য বৃষ্টিতেই রাস্তা পানির নিচে তলে যায়। শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।
স্থানীয় শিক্ষার্থী নীরব তৃতীয় শ্রেণীতে পড়া জানায়,কাঁদা-পানির মধ্যে দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়।আরেক শিক্ষার্থী তৃতীয় শ্রেণী পড়ুয়া আয়শা সিদ্দিকা বলেন পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে স্কুলে যেতে জামা-কাপড় ভিজে ও নোংরা হয়ে যায়। আমরা দ্রুত রাস্তা সংস্কার চাই।”
এলাকাবাসীর অভিযোগ,সড়কটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুম এলেই সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ এবং বৈরী হরিনমারী সড়কটি টেকসইভাবে সংস্কার করা হোক।
এ বিষয়ে পলাশবাড়ী পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *