👁 103 Views

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় শাহজাহান মোড়ল

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎আসন্ন ৪নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন মোঃ শাহজাহান মোড়ল। তিনি বর্তমানে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং দলটির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

‎‎​প্রচারণার অংশ হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মোড়ল বলেন, “আমি কোনো ক্ষমতার দাপট দেখাতে নির্বাচন করছি না, বরং তেলিহাটির মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি মানুষের অভাব ও সমস্যার খুব কাছ থেকে দেখেছি। জয়ী হলে আমার প্রথম কাজ হবে ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ নিশ্চিত করা।

‎আমি জনগণের ট্যাক্সের টাকার স্বচ্ছ হিসাব দিতে দায়বদ্ধ থাকব এবং প্রতি মাসে গণশুনানির মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব।”

‎​তার ইশতেহারে মাদক ও কিশোর গ্যাং নির্মূল, বেকার যুবকদের জন্য কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কর্মসংস্থান, উন্নত রাস্তা-ড্রেন ব্যবস্থা এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রধান্য পেয়েছে।

‎‎ইউনিয়নের এক বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “রাজনীতিতে শাহজাহান মোড়লের স্বচ্ছতার প্রতিশ্রুতি যদি সত্যি বাস্তবায়ন হয়, তবে আমাদের এলাকার চিত্র বদলে যাবে। বিশেষ করে আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের ঘোষণাটি খুবই সাহসী উদ্যোগ। আমরা এমন একজন জনপ্রতিনিধিই চাই।”

‎‎​মুলাইদ এলাকার বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “আগে নাগরিক সেবার জন্য পরিষদে বারবার চক্কর কাটতে হতো। তিনি যেভাবে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করার কথা বলছেন, তা বাস্তবে রূপ নিলে আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট অনেক লাঘব হবে।”

‎‎​ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ১ মেয়ের বাবা শাহজাহান মোড়ল জানিয়েছেন, তিনি অতীতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার বাবার নাম মৃত মো: আ: খালেক মোড়ল। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুবাদে তার বিরুদ্ধে অতীতে অনেক মামলা হামলা স্বীকার হয়েছেন তিনি। তিনি দলীয় ও সামাজিক বিভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *