
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মেহেদী ভ্যারাইটিজ স্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকান মালিকের প্রায় ৫লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নশরৎপুর বাজার রিকশা স্ট্যান্ড এলাকায় ওই দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
আদমদীঘির নশরৎপুর সোনারপাড়া গ্রামের ব্যবসায়ী মেহেদী হাসান নশরৎপুর বাজার রিশকা স্ট্যান্ড এলাকায় মেহেদী ভ্যারাইটিজ স্টোর নামের দোকানে ৪বছর যাবৎ বিভিন্ন কম্পানির বিস্কুট, সিগারেট, সেভেনআপ, প্রাণআপ, আতর, সেন্ট-সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে আসছিলেন। গত বুধবার সাড়া দিন বেচাকেনা করে রাত ১০টায় দোকানে চাবি দিয়ে লক করে বাড়িতে যান মেহেদী হাসান। দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন আদমদীঘি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও অগ্নিকান্ডে দোকানের আসবাবপত্র, ফ্যান, ফ্রিজ-সহ বিভিন্ন প্রকার সমস্ত মালামাল পুড়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেহেদী হাসান জানায়, গভীর রাতে দোকান বন্ধ থাকার সুযোগে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে কেউ শত্রুতা বা পূর্ববিরোধের জেরে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এব্যাপারে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, অগ্নিকান্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।