👁 271 Views

পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ইউআরসি মো. নুরুল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুশমিতা ত্রিপুরা, পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত চাকমা, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাসেম, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমিন চাকমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গত ৬০ বছর ধরে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।