
আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে প্যাডো গাড়ি- সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। গত রোববার (৩১ মে) বিকাল ৪টার দিকে উপজেলার গফরগাঁও – ভালুকা সড়কের পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয় সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সিএনজি চালকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সিএনজি চালকের নাম হলো- মোঃ সালাহউদ্দিন (৩৫)। তার বাড়ি পাশ্ববর্তী কিশোরগঞ্জের নিকলীর চামড়াঘাট এলাকায়। সে ভালুকায় মুচাভিটা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতো। হোসেনপুর- গফরগাঁও – ভালুকা সড়কে সিএনজি চালাতো সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ শেষে পরিবারসহ যাত্রী নিয়ে ভালুকায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে হোসেনপুর থেকে রওনা হয়েছিলেন চালক সালাহউদ্দিন। পথে গফরগাঁওয়ের পাঁচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডো গাড়ির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেছে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ যাওয়া পথে চালক সালাহউদ্দিন মারা যায়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাডো গাড়ি জব্দসহ সিএনজি থানায় নিয়ে আসে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈশা খান জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান পাঁচুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত সত্যতা নিশ্চিত করে বলেন, প্যাডো গাড়িটি জব্দসহ সিএনজি থানায় হেফাজতে রয়েছে। গাড়ি চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।