👁 515 Views

নওগাঁর বদলগাছীতে জামাইয়ের বাড়িতে মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা

 নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের বাড়িতে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যরা পিটিয়ে মেয়ের বাবা গৌর চন্দ্র (৪৫) হত্যা করেছে।

বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হত্যাকাণ্ডের শিকার গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর  প্রায় ৬/৭ বছর আগে একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সাথে বিয়ে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করে আসছিলেন। গতকাল আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া দেয়নি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে হামলা চালিয়ে পিটাতে শুরু করে।
এক পর্যায়ে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছেলে পলাশও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লুৎফর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *