
আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ২টি অফিসকক্ষ আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ দিবাগত রাত আড়াইটার সময়।
একাধিকসূত্র জানায়, ৩১মার্চ দুপুরে ক্লাসের পাঠদান শেষে বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বাড়ীতে ফেরেন। রাতে বিদ্যালয়ে ছিলেন নৈশ্য প্রহরী রফিকুল ইসলাম। রাত অনুমান আড়াইটার সময় প্রধান শিক্ষকের অফিসরুম ও সহকারী শিক্ষকদের অফিসরুমে দাউ দাউ করা আগুন দেখতে পেয়ে নৈশ্য প্রহরী রফিকুল চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে ট্রিপল নাইনে ফোন পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে শিক্ষকদের ২টি অফিসরুমের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, ল্যাবটব, ম্যূল্যবান কাগজপত্র, বেশকিছু চেয়ার টেবিল, ২টি আলমারী, ৪টি সেলিং ফ্যানসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। প্রধান শিক্ষকের ধারনা, শত্রুতা করে তালা ভেঙ্গে আগুন লাগানো হতে পারে। তবে স্থানীয়দের কাছে আগুন লাগানোর ঘটনাটি এবং নৈশ্য প্রহরীর ভুমিকা রহস্যজনক মনে হয়েছে।
গাবতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাছিম ইকবাল বলেন, রাত পৌণে ৩টায় ট্রিপল নাইনে ফোন পেয়ে তারা বুরুজ হাইস্কুলে গিয়ে আগুন নিভিয়েছেন। ক্ষতিগ্রস্থ কক্ষ ২টি পাকা হওয়ায় আগুন চারিদিকে ছড়ানোর সুযোগ না থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
খবর পেয়ে গতকাল দুপুরে গাবতলীর ইউএনও হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম এবং থানার এস আই শাহাদত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।