👁 155 Views

বাউফলে জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৩ জনকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। “এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের বড় ভাই শাহআলম হাওলাদার, তার স্ত্রী নাসিমা এবং ছোট ভাই সত্তার হাওলাদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।”
শুক্রবার (১৩ নভেম্বর) “বিকেল ৫টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব কনকদিয়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।”
আহতরা হলেন, “মোতালেব হাওলাদার (৬০), তার স্ত্রী কেয়া বেগম ও মেয়ে তানজিলা আক্তার।”
অভিযোগ সূত্রে জানা যায়, “জমিজমা নিয়ে বিরোধের জেরে মোতালেব হাওলাদারের চাষ করা কাঁচা ধান তার বড় ভাই শাহআলম হাওলাদার ও ছোট ভাই সত্তার হাওলাদার কেটে নিয়ে যান।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রহমানের কাছে অভিযোগ করেন মোতালেব। “এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় বাবাকে রক্ষা করতে স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।”
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেন। “তবে মোতালেব হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানোর সিদ্ধান্ত দেন।”
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, “আমি হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”