👁 492 Views

তারেক রহমানের আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

দুলাল সরকার, সৈয়দপুর প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। বিমানবন্দর চত্বর থেকে শুরু করে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের বলরামপুর এলাকার উদ্দেশে রওনা হয়। পরে বেলা ১১টা ৩০ মিনিটে সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানেও এই কর্মসূচির সূচনা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *