
মোঃ আমজাদ হোসাইন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু বসুনিয়ার ছেলে মুকুল বসুনিয়া (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
গাড়িতে থাকা যাত্রী একই এলাকার আতিকুল ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার সুপারভাইজার এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা পেছাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি রানিং অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটক করে। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’
নিহত শাকিব বসুনিয়ার বড়ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোটভাইসহ এলাকার ৬জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তার চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের নামালে তাঁর চাচাকে জিম্মি করে। পরে মুকুল ও শাকিব বাঁচাতে গেলে তাদের লাথি দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় চলন্ত বাসটিকে আটক করেন স্থানীয় লোকজন ও পথে থাকা একটি মাইক্রোবাস।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা নামকএলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি বানী ইসরায়েল বলেন, এ ঘটনায় গাড়ির চালক ও সহকারীদের আটক করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ইউ.এন.ও মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।