👁 373 Views

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  রেস্তোরাঁটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিংয়ের মতো একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিংয়ের মতো একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় রেস্তোরাঁটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় কাচ্চি ডাইনের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের উপদ্রব পাওয়া যায়। এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না এবং পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। সব মিলিয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *