👁 128 Views

যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

ইয়ানূর রহমান : যশোর শহরের চৌরাস্তার বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে দোকানটির ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের চিত্র ফুটে ওঠে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।

অভিযান চলাকালে দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছে তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানের পাশেও তেলাপোকার উপস্থিতি চোখে পড়ে। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য যেখানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করার কথা, সেখানে এমন দৃশ্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। এতে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনের বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দেয়। অভিযানে এসব অনিয়মের চিত্র পাওয়ার পর বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।#