
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার এতিমখানার পাশে থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামের ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২৮ জুন’২৬) সকাল ৮ টার দিকে মাদরাসার এতিমখানার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্র ছিলেন।
মাদরাসা সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নিরব ওই মাদরাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। এবং মাদরাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতো। গতকাল রাতে মাদরাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে বললে সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। আজ সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পড়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী আমাদের মাদরাসায় লেখাপড়া করতো এবং এতিমখানায় থাকতো আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় এসে এই ঘটনা জানতে পারি। পড়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।