👁 437 Views

সীমান্তে পুশ ইনের চেষ্টা প্রতিহতের দাবি, নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবির ৫২ ব্যাটালিয়ন। তাঁদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন বনাঞ্চলঘেঁষা সীমান্ত দিয়ে গত তিন দিনে এসব ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করেন।
তবে কোন সীমান্তে ঠিক কোন কোন পয়েন্ট দিয়ে এসব চেষ্টা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।