
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়া (৩৮) নামে এক ডেকোরেশন ব্যবসায়ী আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কানকিরহাট দক্ষিণ বাজারে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মায়ের দোয়া’ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
নিহত হোরন মিয়া উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মধু মৌলভীর পুরাতন বাড়ির ওলি মিয়ার ছেলে।
তিনি কানকিরহাট বাজারে মায়ের দোয়া নামক একটি ডেকোরেশনের ব্যবসা করতেন।
তিনি স্থানীয় যুবদলের একজন কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসন্তান রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হোরন মিয়া বাড়ি থেকে অভিমান করে বের হয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে সে তার ব্যবহৃত মুঠোফোনটি ভিডিও কলে রেখে দোকানে থাকা কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে দোকানের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে হোরন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।