👁 253 Views

নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামক ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে  আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্ব পাড়া গ্রামে।  মৃত আমির হামজা খলিশাউড় পূর্ব পাড়া গ্রামের কৃষক শহীদ মিয়ার ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু আমির হামজাকে বাড়ির উঠানে বসিয়ে রেখে তার মা সংসারের কাজ করছিল। এ সময় আমির হামজা খেলাধুলা করতে গিয়ে পরিবারের সদস্যদের সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
শিশু আমির হামজার চাচাতো ভাই মাহফুজুল হক জোহরের নামাজ শেষে বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে
পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করে।
পরে পরিবারের লোকজন ছুটে এসে পুকুরের পানি থেকে আমির হামজাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *