👁 147 Views

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। সমাবেশে এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *