👁 299 Views

ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ তানভীর (১৩) (২৮ ঘণ্টা পর) লাশ উদ্ধার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নেউড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ তানভীর ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।মৃত তানভীর উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।তানভীরের বাবা তমিজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তানভীর তার বন্ধু ইকলাসকে সাথে নিয়ে উপজেলার কাতলামারী এলাকার হুতারঘাটে নেউড়া নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খেতে শুরু করলে ইকলাস তাকে ধরে তীরে তোলার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোতের কারণে সে তানভীরকে ধরে রাখতে পারেনি। এরপর তানভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।পরে ইকলাস বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা নদীতে নেমে তানভীরকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তানভীরের চাচা বশির উদ্দিন জানান, সমবয়সী কয়েকজনের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়েছিল তানভীর। একপর্যায়ে পানিতে ঝাঁপ দেয়ার পর সে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেউড়া নদীতে তল্লাশি চালানো হয়। তবে ওই সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *