
এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে ৩০০টি তাল বীজ রোপণ করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাব সংলগ্ন সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন দলনেতা হুমায়ুন কবির, দলনেত্রী সানজিদা আক্তার এবং পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবের সদস্যরা।
কর্মসূচি চলাকালে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বলেন, “দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মহোদয়ের নির্দেশনায় পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাব সংলগ্ন সড়কের পাশে এই তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। দিন দিন আমাদের প্রকৃতি থেকে তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিশেষ করে বজ্রপাতে প্রাণহানি রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”
প্রকৃতির সুরক্ষা ও বজ্রপাত রোধে আনসার ও ভিডিপির এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।