👁 201 Views

বাঘা সিমান্তে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর : বাঘা উপজেলার ৫ জন ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানিয়েছে তাদের পরিবার।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভারতের বাংলা বাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশে ফেরার পথে তারা সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন বলে পরিবারের দাবি।

আটকরা হলেন-বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় ভারতের সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশে ফিরছিলেন তারা। নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় ভুল করে নৌকাটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এসময় বিএসএফ পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।

খবর পেয়ে পরিবারের লোকজন আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে তাদের উদ্ধারে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগের কথা জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

আটকদের পরিবারের দাবি, ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও তারা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানানো হয়েছে বলেও জানান স্বজনরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) আটকদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর মতো আর কেউ নেই।

কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা বলেন, অভাবের সংসারে লেখাপড়ার পাশাপাশি ছেলে পাটের ব্যবসা করত। এবার দুজন পার্টনারের সঙ্গে পাট কেনাবেচা করছিল।

আটক বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, কোথায়, কেমন আছে! এটা জানতে পারলেও কিছুটা শান্তি পেতাম।

আশাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক পাঁচজনই এলাকায় পাট ব্যবসা ও নৌকা চালানোর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন স্থানীয়রা।

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তিনি বলেন, পতাকা বৈঠক হয়েছে, কিন্তু ওপার থেকে ফেরত না দিলে আমরা কী করব। তিনি আরও জানান, নৌকাটি ভুল করে ভারতীয় সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিল।

বিজিবির মিডিয়া সেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবির সঙ্গে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *