👁 437 Views

শ্রীপুরে জানাজা নামাজে বাধার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: নাজমুল হুদা শাহীন

‎শ্রীপুর,গাজীপুর:   ‎গাজীপুরের শ্রীপুর উপজেলায় জানাজা নামাজে বাধা দেওয়ার অভিযোগে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

‎সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) এক প্রতিক্রিয়ায় নাজমুল হুদা শাহীন বলেন, ‎“আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। জানাজা নামাজে বাধা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানানো ও মিথ্যা। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
‎তিনি আরও বলেন,  ‎“আমি একজন মুসলমান হিসেবে কখনোই কোনো জানাজা নামাজে বাধা দেওয়ার কথা কল্পনাও করতে পারি না। এটি আমার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবস্থান ও রাজনৈতিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।”
‎নাজমুল হুদা শাহীন অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি জানান, স্থানীয় আহম্মদ আলী মাস্টার একই এলাকার খোরশেদকে দিয়ে পরিকল্পিতভাবে এই অভিযোগ উপস্থাপন করিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
‎তিনি বলেন,  ‎“যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করে থাকে, তাহলে তারা প্রমাণসহ আইনগতভাবে সামনে আসুক। অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে কাউকে দোষারোপ করা গণমাধ্যমের নীতির পরিপন্থী।”
‎এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনায় নাজমুল হুদা শাহীনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পরিবারটির সদস্যরা স্পষ্টভাবে জানান, আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা বলেন, বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
‎নাজমুল হুদা শাহীন সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা জরুরি।
‎একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, এই ঘটনাকে কেন্দ্র করে যারা মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
‎উল্লেখ্য, নাজমুল হুদা শাহীন রাজাবাড়ী ইউনিয়নের একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। স্থানীয়ভাবে তাকে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় একজন ব্যক্তি হিসেবেই চেনেন এলাকাবাসী।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *