
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মক্কা ট্রাভেলসের বিরুদ্ধে যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়া ও ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে পলাশবাড়ী শহরের আন্ডারপাসের পশ্চিম পাশে বাসটি থামিয়ে ‘গাড়ি নষ্ট হয়েছে’ জানিয়ে ঢাকা ও সৈয়দপুরগামী নারী-পুরুষ, শিশু ও বয়স্ক যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ সময় যাত্রীদের সঙ্গে বাসের চালক ও সুপারভাইজারের বাগ্বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চালক ও সুপারভাইজারকে নিরাপদে সরিয়ে নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মক্কা ট্রাভেলসের ঢাকা-রংপুর রুটের বাসে যাত্রীদের গন্তব্যের কথা বলে উঠিয়ে মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। কখনো ঢাকা থেকে রংপুরের কথা বলে যাত্রী তুলে বগুড়ায় নামিয়ে দেওয়া এবং বগুড়া থেকে সৈয়দপুরের কথা বলে যাত্রী তুলে পলাশবাড়ীতে নামিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর ঢাকা মেট্রো-ব-১৫-৬৪১৪ নম্বরের বাসটি পলাশবাড়ীর একটি কাউন্টারে এসে আবার যাত্রী তোলার চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত গাড়ি না থাকলে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করা হলেও পরবর্তী সময়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই এবং যাত্রী হয়রানি প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষ, চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।