
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ শাহাদাত হোসেন শাওনের কবর জিয়ারত, দোয়া এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
২৪ জুলাই সেনবাগে এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছানা উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল।
এ সময় সেনবাগ উপজেলা ছাত্রদল, সেনবাগ পৌর ছাত্রদল এবং সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার শহীদ শাওনের বড় ভাইয়ের হাতে তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে বলেও তারা আশ্বাস দেন।
পরিবারের সদস্যরা এ সময় তাদের পাশে দাঁড়ানোয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ শাহাদাত হোসেন শাওনের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান।