👁 154 Views

ভালুকায় বন বিভাগের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি মৌজায় বনবিভাগের বনবিজ্ঞপ্তিভুক্ত জমি দখল করে বিশাল ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মেহেরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগে অবস্থিত আকাশমনি বাগানের ভেতরে বনবিভাগের নার্সারির পেছনের প্রায় ৭ শতক বনবিজ্ঞপ্তিভুক্ত জমি দখল করে ফরিদ নামে এক ব্যক্তি ওই বসতবাড়ি নির্মাণ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন বসতবাড়ির কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে বনভূমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফরিদের মুঠোফোনে কথা হলে তিনি জানান, স্থানীয় শিমু নামে একজনের কাছ থেকে ৭ শতাংশ জমি কিনে বাড়ি নির্মান করছেন।

তবে স্থানীয়রা জানান, প্রশাসন ও বনবিভাগের যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের দখল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বনবিভাগের স্থানীয় বিট অফিসার মুশফিকুর রহমান মানিক জানান, এ অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *