
সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয় ঘিরে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বুধবার পরিচালিত অভিযানে ফুটপাত ও আশপাশের এলাকা থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই সিডিএ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেয়া হবে না। এ দখলের পেছনে কোনো চক্র জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়, জনসাধারণের চলাচলে ভোগান্তি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।