👁 369 Views

ঘোড়াঘাটের বাটোয়ারা মামলার রায় বহাল; চূড়ান্ত ডিক্রি জারি

 

ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিনের একটি বাটোয়ারা (সম্পত্তি বিভাজন) মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখার পর সিভিল জজ আদালত মামলার চূড়ান্ত ডিক্রি জারি করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ঘোড়াঘাট সহকারী জজ আদালতে দায়েরকৃত ১৭/২০১০ নম্বর বাটোয়ারা মামলায় ৩১ জুলাই ২০২২ তারিখে রায় এবং ৪ আগস্ট ২০২২ তারিখে প্রাথমিক ডিক্রি প্রদান করা হয়। ওই রায়ে বাদী ও ছাহামপ্রাপ্ত বিবাদীদের নিজ নিজ অংশ নির্ধারণের পাশাপাশি ১৪ অক্টোবর ১৯৮৫ সালের ২৮২২ ও ২৮২৩ নম্বর রেজিস্ট্রিকৃত দুটি কবলা দলিল বাদীদের ওপর বাধ্যকর নয় বলে ঘোষণা করা হয়। আদালত রায়ে উল্লেখ করেন, সংশ্লিষ্ট বিক্রেতাদের প্রকৃত মালিকানার সীমার বাইরে সম্পত্তি হস্তান্তরের অধিকার ছিল না।

পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে ১১৯/২০২৩ নম্বর বাটোয়ারা আপিল দায়ের করা হলে দিনাজপুরের অতিরিক্ত জেলা জজ, তৃতীয় আদালতের বিচারক সাদিয়া সুলতানা ১৩ এপ্রিল ২০২৫ তারিখে আপিল নামঞ্জুর করেন এবং ২০ এপ্রিল ২০২৫ তারিখে ডিক্রি প্রদান করে নিম্ন আদালতের রায় ও ডিক্রি বহাল রাখেন।
এরপর মামলায় নিয়োজিত অ্যাডভোকেট কমিশনার কমিশন রিপোর্ট, ফিল্ড নোট, ছাহাম বিবরণী ও স্কেচ ম্যাপ আদালতে দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে ঘোড়াঘাট সিভিল জজ আদালত কমিশন রিপোর্ট গ্রহণ করেন। ১০(ক) থেকে ১০(ঘ) নম্বর বিবাদীপক্ষের লিখিত আপত্তি আদালত খারিজ করে দেন।

সিভিল জজ আবু ইউসুফ ফয়সাল ১০ মে ২০২৬ তারিখে মামলার প্রাথমিক ডিক্রিকে চূড়ান্ত ডিক্রি হিসেবে গণ্য করার আদেশ দেন। একই সঙ্গে অ্যাডভোকেট কমিশনারের দাখিলকৃত কমিশন রিপোর্ট, ফিল্ড নোট, ছাহাম বিবরণী, মূল্যায়ন বিবরণী ও স্কেচ ম্যাপকে চূড়ান্ত ডিক্রির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়।

পরবর্তীতে ১৩ মে ২০২৬ তারিখে আদালতের স্বাক্ষর ও মোহরযুক্ত চূড়ান্ত ডিক্রি জারি করা হয়। এর মধ্য দিয়ে প্রায় দেড় দশক ধরে চলমান বাটোয়ারা মামলার আইনগত নিষ্পত্তি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *