
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এস আই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পটিয়া পৌরসভার থানার মোড় এলাকা থেকে মিনহাজ উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ ও পটিয়া পৌর ছাত্রলীগের সংগঠক এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মিনহাজ উদ্দিন পটিয়া থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে পটিয়া থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
এদিকে একই রাতে পৃথক অভিযানে এসআই মোহাম্মদ কামাল উদ্দিন, এ এস আই শরীফ হাসান ও এ এস আই মোহাম্মদ. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন জি আর মামলার আসামি পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা আসামি মোহাম্মদ জিয়া উদ্দিন, সাইফুল জাকির হোসেন (জাগির), পারিজারী মামলার সি আর পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আমানুল হক সোহেল।
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।