
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৭জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৬), আলেফা বিবি (৫০) এবং আবদুল মতিন (৪০) কে আটক করেছে পুলিশ। আটক আপেল মাহমুদ ভাঁরশো ইউনিয়ন শিবিরের সভাপতি বলে জানা গেছে।।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আবদুল হামিদের সাথে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশিয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আবদুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা বলেন, আবদুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আবদুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত আবদুল হামিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।