👁 503 Views

হাসিনা সরকার বিপুল ঋণের বোঝা রেখে গেছে : মন্ত্রী টুকু

আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার তিন মাস পার হলেও এখনো দেশের আর্থিক হিসাব-নিকাশ পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী টুকু বলেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের মাথার ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে হাসিনা সরকার। বিদ্যুৎ খাতেই প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে তারা। আমরা সেই কঠিন পরিস্থিতির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছি।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে। ব্যক্তি বা আত্মীয়তার ভিত্তিতে নয়, জনগণের জন্য কাজ করতে সক্ষম এমন প্রার্থীকে বেছে নিতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদ্র স্বার্থ ও বিভাজনের রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস সভাপতিত্ব করেন এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান সঞ্চালনা করেন।

এসময় বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট শাকিল হায়দার (রফিক সরকার), জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা গোলাম সাকলাইন চঞ্চল, শম্ভু নাথ দাস, আব্দুল আলীম, সোহেল মাহমুদ খান ও সাইদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মণ্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার পান্না, সাধারণ সম্পাদিকা শামছুর নাহার, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *