👁 237 Views

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *